নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৩:০৫
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনসহ আইনের আওতায় আনা হবে। একইভাবে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে ওই কেন্দ্রের প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেও আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চারটি শিক্ষা বোর্ড— ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরীক্ষায় এখন আর আগের মতো নকলের প্রচলন না থাকলেও এর ধরন পরিবর্তন হয়েছে। এ কারণে পুরোনো ‘পরীক্ষা আইন’ সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

