আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২০:৫১
ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নের অন্যতম মর্যাদাপূর্ণ সূচক টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম স্থান এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ১২তম স্থান অর্জন করেছে।
গত বছরের ১০০১–১৫০০ বৈশ্বিক র্যাংকিং ব্যান্ড থেকে উন্নীত হয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২০২৬ সালে ৮০১–১০০০ বৈশ্বিক র্যাংকিং ব্যান্ডে স্থান অর্জন করেছে, যা টেকসই উন্নয়নভিত্তিক শিক্ষা, গবেষণা এবং সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে ইউল্যাবের ক্রমবর্ধমান সুনাম ও অঙ্গীকারের স্বীকৃতি বহন করে।
২৪ জুন ২০২৬ প্রকাশিত এই রেটিংস-এ বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১,৬০৩টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের ভিত্তিতে এ রেটিংস প্রস্তুত করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ থেকে মোট ২২টি বিশ্ববিদ্যালয় এ বছর রেটিংসে স্থান অর্জন করেছে।
ইউল্যাব বিভিন্ন এসডিজি সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসডিজি ১১ (সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ)-এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান অর্জন করেছে এবং বৈশ্বিকভাবে ৪০১–৬০০ ব্যান্ডে অবস্থান করেছে। এছাড়া এসডিজি ১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস)-এ ষষ্ঠ স্থান এবং এসডিজি ৪ (কোয়ালিটি এডুকেশন)-এ ষষ্ঠ স্থান অর্জন করেছে; উভয় ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ৪০১–৬০০ ব্যান্ডে। এ ছাড়া এসডিজি ৮ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ)-এ ইউল্যাব সপ্তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান করেছে। এসডিজি ৫ (জেন্ডার ইকুয়ালিটি)-এ বিশ্ববিদ্যালয়টি সপ্তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৮০১–১০০০ ব্যান্ডে এবং এসডিজি ১ (নো পোভার্টি)-এ ১১তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান করেছে।
এই অর্জন ইউল্যাবের টেকসই উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্যাম্পাস পরিচালনা এবং সামাজিক সম্পৃক্ততার বিভিন্ন উদ্যোগে টেকসই উন্নয়নের বিষয়টি সমন্বিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

