Logo

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয় দিবসে আসছেন শিক্ষামন্ত্রী

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২১:০৬

গণ বিশ্ববিদ্যালয় দিবসে আসছেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করতে যাচ্ছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আগামী শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধন শেষে সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যরা উপস্থিত থাকবেন।

গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালের ১৪ জুলাই ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ৫টি অনুষদ এবং ১৭টি বিভাগে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন