‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অধিভুক্ত কলেজে হবে সাইবার সিকিউরিটি ক্লাব’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৮:২৫
সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে দেশের সব অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত সাইবার সিকিউরিটি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
একই অনুষ্ঠানে লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধন করেন তিনি।
উপাচার্য বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ ধারণ করেছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার সচেতনতার প্রয়োজনীয়তাও তত বেশি গুরুত্ব পাচ্ছে।
তিনি বলেন, একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন তার নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকতে হবে। অচেনা লিংক বা বার্তায় সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) নিশ্চিত করতে হবে। একটি সচেতন প্রজন্মই সাইবার অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
সেমিনারে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।
বাংলাদেশেরখবর/আরকে

