পবিপ্রবিতে জেএসটিগুচ্ছ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৬:৫২
ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছে বিভিন্ন অনুষদে লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ও স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড.মো. খোকন হোসেন, এনএফএস অনুষদের ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা মো. আব্দুর রহিম।
অভিভাবকদের মধ্যে মো. শাহআলম, আলমগীর হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেলরানা জনি, শিক্ষার্থী জয়ভাঙ্গী, নবীন শিক্ষার্থী সালেহিন আহমেদ, আফরোজা মিলি, ইকরাম হোসেন কোরাইশ, মাহিনুর রহমান মাহিন, ইসমাইল হাসান মারুফ, শিশির প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ উচ্চ মাধ্যমিক গন্ডি পেরিয়ে আজ উচ্চশিক্ষার বিশাল আঙিনায় পা রেখেছ। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি জীবন গড়ার জ্ঞান সৃষ্টির ক্ষেত্র।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা ও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। তোমাদের প্রতিটি দিন, প্রতিটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।মনে রাখবে আজকের অলসতা আগামীকালের বড় ব্যর্থতার কারণ হতে পারে।
তিনি শিক্ষার্থীদের অন্যায়, মাদক বা বিশৃঙ্খলার সঙ্গে নিজেদের না জড়ানোর নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিচিতির ভিডিও মাল্টিমিডিয়ায় উপস্হাপন করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আইন এবং শৃঙ্খলা বিষয়ে স্লাইড উপস্থাপন করেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান।
অনুষ্ঠান শেষে ‘একজন শিক্ষার্থী একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’ এ শ্লেগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক অভিভাবকদের হাতে একটি করে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

