Logo

শিক্ষা

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান ১ অক্টোবর

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:০৩

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এর আগে, ১ আগস্ট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রাথমিকভাবে ২৯ অক্টোবর যোগদানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছিল। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে যোগদান কিছুটা বিলম্বিত হলেও দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চায় সরকার।

তবে সর্বশেষ জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে ১ অক্টোবরকেই চূড়ান্ত যোগদানের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়োগ প্রক্রিয়ার আওতায় ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের পর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন পাবেন। পদায়ন শেষে তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

তবে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে যোগদান করতে না পারায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলনও করেন তারা। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আশ্বস্ত করেন, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত তাদের যোগদান নিশ্চিত করা হবে এবং পদায়নের পর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন