Logo

শিক্ষা

জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১৫

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৫:৫০

জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তারা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালেও দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-ধায়ী ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

এরপর দুপুর ২টায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। আর হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ধাওয়া করতে গেলে পাল্টা ধাওয়ায় শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ছুটে যান। এসময় দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়।

জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম ফেসবুক পোস্টে ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও অবস্থান কর্মসূচি পালনের বিষয়টি জানান।

এ বিষয়ে জানতে চাইলে, জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি জানান, মিলনায়তনে সেমিনার শেষে শহীদ মিনারের সামনে আসার পর ছাত্রদলের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদকে অপমানিত করার জন্য ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠন প্রস্তুতি নিয়েছিল। তাদেরকে বিনয়ের সঙ্গে সরে যেতে বলা হয়েছিল। তারা সরেননি। একপর্যায়ে এগিয়ে এলে মারামারি হয়। ছাত্রদলের অনেক নেতা–কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে। এরপর ন্যাশনাল হাসপাতালে আহতরা ভর্তি হয়েছেন। সেখানেও আরেকবার ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। আমাদের পুলিশ পরিস্থিতি শান্ত করছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন