গবি ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে অভিজিৎ-উচিংনু
গবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৩:৫৪
ছবি: সংগৃহীত
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের অভিজিৎ চাকমা এবং সাধারণ সম্পাদক বাংলা বিভাগের উচিংনু মারমা।
সোমবার (৩ আগস্ট) সংগঠনটির সম্মিলিত বৈঠকের সিদ্ধান্তক্রমে নতুন পরিষদ ঘোষিত হয়।
নবনির্বাচিত পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আথাই ম্রী, কোষাধ্যক্ষ আনি প্রুয়ে মারমা, সহ-কোষাধ্যক্ষ প্রাপ্তি চাকমা, দপ্তর সম্পাদক ক্যা হ্লা থোয়াই মারমা, শিক্ষা ও সেমিনার সম্পাদক কে মং প্রুয়ে মারমা, তথ্য ও প্রচার সম্পাদক অদ্বিতীয়া মৌলি ম্রী, সহ-তথ্য ও প্রচার সম্পাদক নু মং উ মারমা, ক্রীড়া সম্পাদক চং লক ম্রো, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক সুকৃতা চাম্বুগং আছাল এবং সহ-শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক পাসাই ম্রো।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ব্যাচের আদিবাসী শিক্ষার্থীদের কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক উচিংনু মারমা বলেন, আদিবাসী সংগঠনের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনে দায়িত্ব পাওয়া মানে শুধু একটা পদ পাওয়া নয় বরং পুরো সম্প্রদায়ের আস্থা ও প্রত্যাশার ভার কাঁধে নেওয়া। আমি কৃতজ্ঞ যে সবাই আমার ওপর ভরসা রেখেছেন। আমাদের মূল লক্ষ্য আমাদের ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের মাঝে তুলে ধরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত আদিবাসী গোষ্ঠীর মধ্যে ঐক্য বাড়ানো । আশা করি, সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও শক্তিশালী হয়ে উঠবে।
কমিটির সভাপতি অভিজিৎ চাকমা বলেন, ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আমার অঙ্গীকার থাকবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করা। পাশাপাশি আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ সহ একটি অন্তর্ভুক্তিমূলক ও সক্রিয় সংগঠন গড়ে তুলতে চাই। পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহযোগিতা কামনা করছি আমরা।
বাংলাদেশের খবর/আরইউ

