Logo

শিক্ষা

এসএসসির ফল ১০ আগস্ট, জানা যাবে ৩ উপায়ে

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৭:৫০

এসএসসির ফল ১০ আগস্ট, জানা যাবে ৩ উপায়ে

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট (সোমবার)। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইলের এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল—এই তিন উপায়ে ফল জানতে পারবেন। ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি পদ্ধতিই চালু থাকবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই শিক্ষার্থীরা উল্লেখিত তিন পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করে নিজেদের ফলাফল জানতে পারবেন।

১. ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে প্রথমে educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে।

এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বেছে নিতে হবে। তারপর পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিতে হবে।

সবশেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

২. এসএমএসে যেভাবে ফল জানবেন

মোবাইলের মেসেজ অপশন ব্যবহার করেও এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিতে হবে। এরপর ইংরেজিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

SSC DHA ROLL YEAR

ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের এসএমএসে ফল পেতে আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের জন্য লিখতে হবে—

Dakhil<>Board Name [First 3 Letter]<>Roll<>Year

এটি 16222 নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে—

Dakhil MAD 123456 2026

লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষার্থীদের জন্য

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে লিখবেন—

SSC Board name (first 3 Letters) Roll Year

এটি 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

SSC TEC 123456 2026

৩. প্রতিষ্ঠানভিত্তিক ফল যেভাবে দেখবেন

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতেও বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।

EIIN নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট দেখা ও ডাউনলোড করা যাবে।

ফলে ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী ওয়েবসাইট, এসএমএস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট—এই তিন পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন