Logo

শিক্ষা

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:০৮

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১৬ আগস্ট। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো এ কর্মসূচি চালু করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্মসহ বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল নির্ধারণ করে সরকার। মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টসের নকশা নির্ধারণ করা হয়েছে। ইউনিফর্ম তৈরিতে শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা ও একরূপতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। ওই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু করা হবে।

তখন মন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেবে। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করতে ইউনিফর্ম, ব্যাগ ও জুতা সরবরাহের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

মিড-ডে মিল নিয়েও উদ্যোগ

মিড-ডে মিল কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি পাইলট প্রকল্পের সফলতা শুধু কতজন শিক্ষার্থীর কাছে এর সুবিধা পৌঁছেছে, তা দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। বাস্তবায়নের সময় কী কী সমস্যা চিহ্নিত হয়েছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে সমাধান করা গেছে, তার ভিত্তিতেও প্রকল্পের সফলতা মূল্যায়ন করতে হবে।

প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের জন্য সহায়ক ও সমান সুযোগভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মিড-ডে মিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন