Logo

শিক্ষা

এসএসসির খাতা শুধু পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও হবে: শিক্ষামন্ত্রী ‎

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৫৬

এসএসসির খাতা শুধু পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও হবে: শিক্ষামন্ত্রী ‎

এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য এবার শুধু পুনঃনিরীক্ষণ নয়, খাতা পুনর্মূল্যায়নের সুযোগও থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পরীক্ষা করে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‎শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। বোর্ডের ১৯৯৮ খ্রিষ্টাব্দের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

‎তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‎একাদশ শ্রেণিতে ভর্তি প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, পুরোনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‎এর আগে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

‎চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

‎গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

‎সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন