Logo

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ বসাতে ছাদের তথ্য চেয়েছে অধিদপ্তর

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১

অ
প্রাথমিক বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ বসাতে ছাদের তথ্য চেয়েছে অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কোন কোন ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ভবনের ছাদের আয়তনসহ প্রয়োজনীয় তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) এর মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়। চিঠিটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রুফটপ সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার ভবনে সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোন কোন ভবনে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব, তা নির্ধারণ করে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম, জেলা, উপজেলা বা থানা, স্থাপনার সংখ্যা, প্রতিটি স্থাপনার ছাদের ক্ষেত্রফল, অনুমোদিত লোড এবং বাস্তবায়নযোগ্য সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্য সক্ষমতার তথ্য দিতে হবে। ছাদের আয়তন বর্গফুটে এবং সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্য সক্ষমতা কিলোওয়াট-পিক (kWp) হিসেবে উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় মন্তব্যও দিতে হবে।

বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছয় ডিজিটের কোড উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ, কোন বিদ্যালয়ের ভবনে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব, সেই তথ্য নির্ধারিত কোডসহ পাঠাতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সই করা পিডিএফ কপির পাশাপাশি এক্সেল শিট ও ওয়ার্ড কপিও পাঠাতে বলা হয়েছে। ওয়ার্ড কপিতে নিকস ফন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠাতে হবে dirplandpe@gmail.com এবং adplandpe@gmail.com ই-মেইল ঠিকানায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৩ সেপ্টেম্বরের স্মারক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এসব তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর বিষয়টি চিঠিতে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন