Logo

শিক্ষা

চীনে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

অ
চীনে পৌঁছেছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষা সফরের অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের গুয়াংজুতে পৌঁছেছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলমান এ সফরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

প্রতিনিধি দলে রয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা এবং স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. ইকবাল আজিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য সদস্য।

সফরকালে প্রতিনিধি দল সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ গুয়াংজুর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। এসব সফরের মাধ্যমে একাডেমিক মতবিনিময়, আন্তর্জাতিক নেটওয়ার্কিং, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বৈশ্বিক উচ্চশিক্ষার বিভিন্ন চর্চা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ সফরে অংশগ্রহণকারীরা চীনের শিক্ষা-সংস্কৃতি, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরেও জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর উদ্যোগে আয়োজিত এ সফর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করবে। পাশাপাশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন