Logo

শিক্ষা

আলোর ফ্রেমে গল্পের মিছিল: গবিতে 'ফটোওয়াক টেলস ৪.০'

Icon

জান্নাতুল লামিশা, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:২২

অ
আলোর ফ্রেমে গল্পের মিছিল: গবিতে 'ফটোওয়াক টেলস ৪.০'

ছবি: সংগৃহীত

রোববারের সকাল। গণ বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় প্রতিদিনের চেনা আড্ডার জায়গাটা আজ একটু অন্যরকম। গাছের ছায়ায় সারি সারি ফ্রেমে সাজানো ছবি, আর সেই ছবির সামনে থমকে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। কেউ ঝুঁকে দেখছেন কোনো প্রবীণ মুখের বলিরেখা, কেউ আবার হারিয়ে গেছেন প্রত্যন্ত কোনো গ্রামের ভোরের আলোয়। ৪ অক্টোবর, দিনব্যাপী এই আয়োজনের নাম ছিল 'ফটোওয়াক টেলস ৪.০'।

আয়োজক গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস)। সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনী। প্রতিটি ছবির পেছনেই আছে একটি গল্প, আর সেই গল্পের খোঁজে প্রদর্শনীজুড়ে ছিল দর্শনার্থীদের ভিড়। ছবি দেখে দেখে শিক্ষার্থীরা বুঝে নিয়েছেন, একটি আলোকচিত্র শুধু দৃশ্য ধরে রাখে না, একটি গোটা গল্পও বলতে পারে।

পথে পথে ক্যামেরা, ফ্রেমে মানুষের কথা: জিবিপিএসের সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম জানান, প্রতি বছরই তাঁরা বাংলাদেশের নানা অঞ্চলে ফটোওয়াকে যান। সেখানে মানুষের মুখ আর নানা প্রেক্ষাপট ক্যামেরায় বন্দী করেন তাঁরা। তাঁর ভাষায়, ছবির মাধ্যমে তাঁরা মানুষের কথাই তুলে ধরতে চেয়েছেন। এ প্রসঙ্গে স্মরণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে। তিনি বলেন, 'ডা. জাফরুল্লাহ চৌধুরীর মেধা, শ্রম ও পরামর্শের একটি অংশ রয়েছে জিবিপিএসে।'

ছবির ভেতরে স্বপ্নের ছায়া: সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. নিলয় কুমার দে ছবির এই যাত্রাকে জুড়ে দিলেন গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সঙ্গে। তাঁর কথায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী চেয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষ উচ্চশিক্ষার সুযোগ পাক। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনে যুক্ত থাকলে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকশিত হয়। ফটোগ্রাফিক সোসাইটি প্রত্যন্ত অঞ্চলের ছবি তুলে সমাজে শিক্ষামূলক বার্তা পৌঁছে দিচ্ছে।

ফ্রেমবন্দী ছবি, সংগঠনের শক্তি: উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রদর্শনীর উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁর মতে, জিবিপিএস অর্থবোধক ও সুন্দর ছবি বেছে নিয়েছে। এই ছবিগুলো বাঁধাই করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে বিক্রি করা হবে, যা থেকে সংগঠনের একটি আর্থিক জোগান তৈরি হবে। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোর পথে জিবিপিএসের পথচলা: ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করা জিবিপিএস মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সদস্য হিসেবে নথিভুক্ত হয়। গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জাতীয় পর্যায়ে নথিভুক্ত হওয়া প্রথম সংগঠন এটিই। এর আগেও সংগঠনটি ছবির মাধ্যমে নানা আয়োজনে নিজেদের জানান দিয়েছে। 'আলোকচিত্রে বদলাই চিন্তার দৃষ্টিকোণ' প্রতিপাদ্যে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ফটোগ্রাফি ক্লাবের সঙ্গে যৌথভাবে তারা আয়োজন করেছিল দিনব্যাপী 'আলোকচিত্র উৎসব', যেখানে প্রদর্শিত হয়েছিল ৭৬টি ছবি। ক্যাম্পাসকে নতুন চোখে দেখার আমন্ত্রণ জানিয়ে 'আমার চোখে গবি ক্যাম্পাস' নামে আলোকচিত্র প্রতিযোগিতাও আয়োজন করেছে সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছয়জন তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীর জীবনগল্প নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীতেও সহযোগিতা করেছিল জিবিপিএস। প্রতিটি আয়োজনেই তাদের লক্ষ্য একটাই: ছবির ভাষায় মানুষ আর সময়ের গল্প বলা। 

যেদিন আকাশ বাধ সেধেছিল: প্রদর্শনীটি আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বৈরি আবহাওয়া বাদ সাধে, ফলে আয়োজন পিছিয়ে যায়। তবে অপেক্ষার শেষে আজ বাদাম তলার আলো-ছায়ায় সেই প্রদর্শনী পূর্ণতা পেল।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং জিবিপিএসের উপদেষ্টা ও সদস্যরা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন