Logo

শিক্ষা

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন গবির ডিন ফজলুল করিম

Icon

জান্নাতুল লামিশা, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৯:২৯

অ
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পেলেন গবির ডিন ফজলুল করিম

ছবি: সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম জাতীয় গুণী শিক্ষক সম্মাননায় ভূষিত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় গুণী শিক্ষকের সম্মাননা গ্রহণ করেন।

অধ্যাপক ড. মো. ফজলুল করিম দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ৩১ বছর শিক্ষকতা করেছেন। পরে ২০২৩ সালের জুলাই এ গণ বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের যাত্রা শুরু হলে তিনি অনুষদের ডিন হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতায় আসার পূর্বে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ছয় বছর মাঠ ফসলের কৃষিতাত্ত্বিক গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

অধ্যাপক ফজলুর করিমের চাকরিজীবনের সূচনা হয় ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। পরে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি জমান ১৯৮৮ সালে এবং সেখানে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ১৯৯০ সালে শেকৃবিতে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ শারীরিকতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

শেকৃবিতে তিনি সর্বশেষ কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে সেখান থেকে অবসর গ্রহণ করে তিনি গণ বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের প্রতিষ্ঠাকালীন ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতা, কৃষিশিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় গুণী শিক্ষক সম্মাননায় ভূষিত হয়েছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন