এইচএসসিতে বিসিআইসির ছয় প্রতিষ্ঠানের গড় পাসের হার ৮৭.৬৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৫
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর পরিচালনাধীন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৩৮৯ জন শিক্ষার্থী ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।
গত ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিসিআইসি পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোতে সামগ্রিক পাসের হার ও মেধার স্বাক্ষর প্রশংসনীয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী বিসিআইসি অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সাফল্যের চিত্র নিচে তুলে ধরা হলো-
শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজ: শতভাগ (সবচেয়ে সেরা ফলাফল)।
বিসিআইসি কলেজ: ৯৪ দশমিক ১৪ শতাংশ, আশুগঞ্জ সার কারখানা কলেজ: ৮৬ দশমিক ১১ শতাংশ, ইউরিয়া সার কারখানা কলেজ: ৮৩ দশমিক ৩৩ শতাংশ, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ: ৮২ দশমিক ৩৫ শতাংশ, যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজ: ৭৭ দশমিক ৯৭ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাদান পদ্ধতি এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে বিসিআইসি কর্তৃপক্ষ।
বাংলাদেশের খবর/আরইউ

