ইউল্যাবের বিবিএ শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী মার্কেটপ্লেস আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩২
শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা-দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্কুল অব বিজনেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য আবোল তাবোল মার্কেটপ্লেস’ শীর্ষক একটি ব্যতিক্রমী পপ-আপ ইভেন্ট।
বিবিএ শিক্ষার্থীদের উদ্যোগে ‘প্রজেক্ট ননসেন্স’-এর অংশ হিসেবে প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সুকুমার রায়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। শনিবার (১৪ নভেম্বর) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের গেম এরিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক কার্যক্রমে প্রয়োগের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে মার্কেটিং, ফাইন্যান্স, অপারেশনস ও উদ্যোক্তা ব্যবস্থাপনা বিষয়ে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও প্রাবন্ধিক অলোক বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এ. এফ. ওয়াজির আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন স্টল। এসব স্টলে তারা নিজেদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সৃজনশীল পণ্য প্রদর্শন করেন। পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, পণ্যের প্রচার, আর্থিক ব্যবস্থাপনা, স্টল পরিচালনা এবং সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন করেন।
সুকুমার রায়ের সাহিত্যকর্মের কল্পনা, ব্যঙ্গ ও সৃজনশীলতা থেকে অনুপ্রাণিত এ আয়োজন শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরের এক আনন্দমুখর ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী চিত্রা সুলতানা। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শিক্ষা, সৃজনশীলতা ও উদ্যোক্তা-দক্ষতার সমন্বয়ে আয়োজিত ‘দ্য আবোল তাবোল মার্কেটপ্লেস’ শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গুরুত্ব বহন করে।
বাংলাদেশের খবর/আরকে

