সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৪
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ বুধবার (১৮ নভেম্বর) এ আদেশ দেন।
আইনজীবী কামরুন নাহারের করা রিট আবেদনের উপর এদিন প্রাথমিক শুনানি হয়, তারপর আদালত এ আদেশ দেন।
আদেশের তথ্য নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির বলেন, যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে।
এর মধ্যে যেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হয়, সেজন্য হাই কোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির বলেন, এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না।
রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার সাংবাদিকদের বলেন, এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
‘সরকার যেহেতু এক মাসের মধ্যে তাদের রিটেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই মাত্র ২৫ দিন সময় পিছিয়ে দিলে তারাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো তা বিবেচনায় নেয়নি।
ইউজিসির সেই নির্দেশনা না মানার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেই এই রিট আবেদন করা হয়েছে।
আদালতের আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশের পাশাপাশি অনলাইন পোর্টাল খোলা রাখতে এবং যেসব শিক্ষার্থীর পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে বলা হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ করার তথ্য দিয়ে কামরুন নাহার বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকলে ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষার্থীদের নিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।
বাংলাদেশের খবর/আরইউ

