Logo

শিক্ষা

সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২১:২৭

অ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ‘সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার, জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশন রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং দেশের মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা ও গবেষণা সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনবল তৈরী ও নতুন নতুন জ্ঞান আবিষ্কারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। উদ্বোধনী সেশনের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং ডিপার্টমেন্ট অব ফিশারিজ এর মহাপরিচালক (ইনচার্জ) ড. মো. খালেদ কনক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Dr. Ravi Fotedar, চীন এর ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টার (এনওটিসি) এর উপ-পরিচালক Prof. Dr. Teng Xin এবং সমাপনী সেশনে এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ডের রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর Dr. Ram C. Bhujel। উদ্বোধনী অধিবেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহি। 

সেমিনারে তিনটি সমান্তরাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে চীন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের মেরিটাইম বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন ও প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, সেমিনারে বিএমইউ এর সাবেক উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, চট্টগ্রাম ভ্যাটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ওয়ার্ল্ড ফিস এর বাংলাদেশি কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম ফারুক-উল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, বিএমইউ এর সহযোগী অধ্যাপক ড. মারিয়া জামান এবং ডিপার্টমেন্ট অব ফিশারিজ এর সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন প্রবন্ধ উপস্থাপন করেন।

সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ এর ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এর ডিন কমডোর মো. আতিকুর রহমান। সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিরা সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মেরিন স্পেশাল প্ল্যানিং এবং সুনীল অর্থনীতির বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় টেকনিক্যাল সেশনে বক্তারা ব্লু ইকোনমি ও টেকসই মৎস্যসম্পদ সমৃদ্ধিতে বিএমইউ-এর ভূমিকা, ব্লু টেকনোলজি এবং বাজারজাতকরণ বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য ও মতামত তুলে ধরেন।

সেমিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এর ডিন কমডোর মো. মিনারুল হক সেমিনারে অংশগ্রহণের জন্য দেশি বিদেশি মেরিটাইম বিশেষজ্ঞবৃন্দকে ধন্যবাদ জানান। সেমিনার শেষে বিএমইউ কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্যসম্পদের সংরক্ষণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মেরিন স্পেশাল প্ল্যানিং বাস্তবায়নে দক্ষ জনবল তৈরি ও দেশি বিদেশি মেরিটাইম স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন