Logo

বিনোদন

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

Icon

বাসস

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:৪২

অ
চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

চলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে সব শিল্পী ও কলাকুশলী এবং বিশেষ ভূমিকায় অংশগ্রহণের জন্য কোনো বিদেশি শিল্পী বা কলাকুশলীর প্রয়োজন হলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সেই শিল্পী ও কলাকুশলী অংশ নিতে পারবেন। প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরা কাহিনী জমা দিতে পারবেন।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাবের একটি মূলকপিসহ ১২ সেট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য একটি মূলকপিসহ ১২ সেট জমা দিতে হবে। 

প্রযোজকের আর্থিক সক্ষমতা অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ তার ব্যাংক হিসাবে জমা আছে এ মর্মে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ ও চলচ্চিত্র বিষয়ক সংগঠনের প্রত্যয়নপত্র (যদি থাকে) দাখিল করতে হবে। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আগামী ৭ এপ্রিল বিকেল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখায় পৌছাতে হবে। এ সময়ের পরে কোনো প্রস্তাব বা আবেদন গ্রহণ করা হবে না।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন