জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবার বিয়ে করেছেন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তিনি বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর নাম শিপা। বর্তমান একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট।
মিলন বলেন, ‘আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান। আমার নিজের সন্তান এবং পরেরটাও আমার নিজের সন্তান।’
অভিনেতা আরও বলেন, ‘আমার লাস্ট ইনসিডেন্ট সবাই জানেন। ২০২২ সালে আমার ওয়াইফ মারা যায়। তখন থেকে আমি সিঙ্গেল ফাদার। আমার ফ্যামিলি থেকে ওনাকে (শিপা) পছন্দ করেছিল। আমাকে আমেরিকা থেকে চার সপ্তাহের জন্য নিয়ে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি আমি দেশে এসেছি, ৮ তারিখে বিয়ে হয়।’
মিলনের প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন। তবে ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্রসহ ফেসবুকে ছবি প্রকাশ করেন মিলন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলি।
আনিসুর রহমান মিলন ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

