জনপ্রিয় ইসলামি সংগীত দল কলরব নতুন একটি সংগীত প্রকাশ করেছে, যার শিরোনাম ‘ছি ছি শাহবাগী। জনে জনে খবর দে, শাহবাগীদের গোসল দে’। সংগীতটি প্রকাশের পরপরই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১৬ মার্চ) কলরবের ইউটিউব চ্যানেল ‘হলি টিউন’ ও ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়। সংগীতটিতে সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি বার্তা তুলে ধরা হয়েছে।
এতে কণ্ঠ দিয়েছেন কলরবের জনপ্রিয় তিন শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান, ইয়াসিন হায়দার ও ইকবাল মাহমুদ। গানটির কথা লিখেছেন হুসাইন আল হাফিজ।
সংগীতটির ব্যাপারে মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ২০১৩ সাল থেকে ফ্যাসিস্ট শাহাবাগীদের অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কলরব অসংখ্য সংগীত তৈরি করেছে। সমাজ ও রাষ্ট্রে যেগুলো সবাইকে সচেতন করতে কার্যকর ভূমিকা রেখে চলছে। অনেকগুলো সংগীত এখনো স্টেইজে আমরা গেয়ে থাকি। নতুন করে এখন আবার শাহাবাগী ফ্যাসিস্টদের আস্ফালন দেখা যাচ্ছে। কোনোভাবে এদের সুযোগ দেওয়া যাবে না; বরং রুখে দিতে হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বন্ধুবর সাঈদ আহমাদ চমৎকার একটি সংগীত গেয়েছেন। সে ধারাবাহিকতায় আমরাও গেয়েছি স্লোগানধর্মী প্রতিবাদী প্যারোডি সংগীত ‘ছি ছি শাহাবাগী’। আশা করি- সকলের কাছে ভালো লাগবে।
প্রকাশের পর থেকেই সংগীতটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। অনেকে এটি সমর্থন জানিয়ে শেয়ার করছেন, আবার কেউ কেউ সমালোচনা করছেন।
উল্লেখ্য, কলরব এর আগেও বিভিন্ন সময় সমসাময়িক ইস্যু নিয়ে ইসলামিক সংগীত প্রকাশ করেছে, যা প্রশংসিত ও আলোচিত হয়েছে। তাদের নতুন এই সংগীত নিয়েও শ্রোতাদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।
সংগীতটি শুনতে এখানে ক্লিক করুন
বিএইচ/

