Logo

বিনোদন

গৃহকর্মী ইস্যুতে পরীমণির পাশে ন্যান্সি-বারিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৪২

অ
গৃহকর্মী ইস্যুতে পরীমণির পাশে ন্যান্সি-বারিশা

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গৃহকর্মী পিংকি আক্তার দাবি করেছেন, পরীমণি তার এক বছরের সন্তানকে (দত্তক নেওয়া) খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেছেন।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর ভাটারা থানায় এই অভিযোগ দায়ের করেন পিংকি। ঘটনার পর শুক্রবার দিবাগত রাতে (৫ এপ্রিল) ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি। ২১ মিনিট ৬ সেকেন্ডের এই লাইভে তিনি বলেন, আমার জীবনযাপন সবসময়ই আমার স্টাফদের সঙ্গে। তারা আমার পরিবারের মতো, বিশেষ দিবসে তাদের নিয়ে আমি লেখালেখি করি।

অভিযোগের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় লাইভটিতে গণমাধ্যমের ওপর রীতিমতো ক্ষোভও উগরে দেন পরীমণি। দাবি করেন, সবটাই একতরফা এবং তিনি একপাক্ষিক বিচারের শিকার।

পরী বলেন, যে গৃহকর্মীটি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সে আসলে এক মাসও হয়নি আমাদের বাসায় কাজ করছে। আমি বলব, সে আমার গৃহকর্মী নয়।

একপর্যায়ে খানিকটা মুচকি হেসে হুমকির সুরে তিনি বলেন, ‘জনগণ কিন্তু আস্ত একটি মিডিয়া, যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্ট্যাম্পমারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করবেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ, এগুলো কী করেন আপনারা!’

পরীর এমন হুমকির পর এবার তার পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও আলোচিত মডেল বারিশা হক।

শনিবার দিবাগত রাতে (৬ এপ্রিল) বারিশা হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, অনেক ব্যস্ত সময় পার করি। আমাদের জীবনকে আরও সহজ করার জন্য গৃহকর্মীরা কাজ করেন, তারা আমাদের পরিবারেরই অংশ, তাদের জন্যই আমরা কাজে সঠিক সময়ে নিশ্চিন্তে যেতে পারি।’

তিনি লেখেন, ‘আমরা একে অপরের পরিপূরক, ব্যাটে বলে না মিললে চলে যান। একজন গেলে আরেকজন আসবে, এটাই বাস্তবতা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে একজন চিত্রনায়িকা Pori Moni-কে নিয়ে একতরফা মিথ্যাচার প্রচারের জন্য ধিক্কার জানাই, এর দ্রুত বিচার চাই।’

‘যাচাই-বাছাই না করে কেউ একজন মা’কে নিয়ে মিথ্যাচার করবেন না। বাচ্চাদের দেখাশোনা সেবাযত্ন করার জন্য যিনি থাকেন তাদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। নাহলে এই বেবি সিটার পেশায় আসবেন না, অনুরোধ রইল। আশা করি এর সত্যতা খুব দ্রুত প্রকাশ হবে। ধন্যবাদ।’

বারিশার পরেই পরীর প্রতি সমর্থন জানিয়ে মধ্যরাতে স্ট্যাটাস দেন ন্যান্সিও। তিনি লিখেছেন, ‘গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্ত্রী কম সমস্যার মুখোমুখি হন না!’

ন্যান্সি লিখেছেন, ‘দুবছর আগে আমার ছোট্ট মেয়েটাকে দেখাশোনার জন্য এজেন্সি থেকে যে মেয়েটাকে এনেছিলাম, সে তার বোনের সাথে মিলে আমার বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে। থানায় অভিযোগ দায়ের করার পর উল্টো গৃহকর্মী আমার নামে নির্যাতনের অভিযোগ তোলার চেষ্টা করে। আমি সিসি ক্যামেরার বদৌলতে হয়রানির হাত থেকে বেঁচে যাই।

‘প্রতিবার আশা করি এবারের গৃহকর্মী পরিবারের সদস্যর মত হবে। সে আশা কখনো পূরণ হয়, বেশিভাগ সময় হয় না।’ 


মিডিয়াকে প্রকৃত ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সংবাদমাধ্যম একটু সংবেদনশীল হোন। সবকিছুতে বাণিজ্য দেখবেন না। নির্যাতিতার পরিচয় গৃহকর্মীও হতে পারে আবার গৃহকর্ত্রীও হতে পারে। সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান। পরীমণির মত তারকাদের ঘাড়ে ভর করে আর কত শিরোনাম বেচবেন বলুন! আপনাদেরও নিশ্চই কিছু দায় আছে, তাইনা?’

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন