Logo

বিনোদন

দ্বন্দ্ব ভুলে পাকিস্তানে গিয়ে নাচলেন কারিনা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

অ
দ্বন্দ্ব ভুলে পাকিস্তানে গিয়ে নাচলেন কারিনা?

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দীর্ঘ দিনের রাজনৈতিক দ্বন্দ্বে সাংস্কৃতিক বিনিময় প্রায় বন্ধ। তবু হঠাৎ করেই পাকিস্তানের এক রেভ পার্টিতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ‘উপস্থিতি’তে চমকে উঠেছেন অনেকেই।

তবে আন্তর্জাতিক সংবাদমমাধ্যম বলছে, বাস্তবে নয়, এআই প্রযুক্তির কারসাজিতে ডিজিটালভাবে হাজির হয়েছিলেন ‘কারিনা’।

সম্প্রতি করাচির একটি নাইট পার্টির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ডিজে মিউজিকের তালে নাচছেন অতিথিরা। এরই মধ্যে পার্টির মঞ্চে বড় পর্দায় এআই দিয়ে তৈরি ‘কারিনা কাপুরে’র নাচ দেখানো হয়। ডিজিটাল কারিনা নাচছেন, আর পার্টিগোয়ারিরাও তাল মেলাচ্ছেন তার সঙ্গে।

ভিডিওর শুরুতেই পর্দায় ভেসে ওঠে একটি বাক্য, ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’

এরপরই বড় স্ক্রিনে কারিনার মতো দেখতে এক অ্যানিমেটেড নারী চরিত্র বিভিন্ন ভঙ্গিমায় নাচতে থাকে। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

কারিনাকে এইভাবে উপস্থাপন করায় অনেক ভারতীয় নেটিজেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ, কারিনার মতো একজন আন্তর্জাতিক তারকাকে বিকৃতভাবে তুলে ধরা অপমানজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কেউ কেউ এআই নাচটিকে ‘কুরুচিপূর্ণ’ ও ‘অশোভন’ বলেও মন্তব্য করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘এআই প্রযুক্তি কি এখন অপমানের অস্ত্র হয়ে উঠেছে?’

তবে, কেউ কেউ আবার এই উদ্যোগকে প্রযুক্তির সৃজনশীল ব্যবহার হিসেবেও দেখছেন। তাদের মতে, এটা নিছকই ডিজিটাল বিনোদন, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।

এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কারিনা কাপুর বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

  • এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন