Logo

বিনোদন

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নাগা-শোভিতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯

অ


অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা জুটি। বর ও কনেবেশে প্রকাশ্যে আসা তাদের বিয়ের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ জুটি আগেই জানিয়েছিলেন খুব সাদামাটাভাবে কাছের মানুষদের সঙ্গে নিয়ে বিয়ে করবেন তারা। করলেনও তাই। পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে নিয়ে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতেই অনুষ্ঠিত হলো তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।  বুধবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮ টায় শুরু হয়ে টানা ৮ ঘণ্টা ধরে চলে তাদের বিয়ে।

বিয়েতে বরবেশে চৈতন্যের পরনে দেখা যায় ঘিয়ে রঙের পাঞ্জাবী, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে কনে শোভিতা বেছে নিয়েছেন সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। এর সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গোছা চুড়ি-বালা ও গলায় ভারী সোনার অলংকার।

ছেলের বিয়ের ছবি পোস্ট করে নাগার্জুন লিখেছেন, ‘শোভিতা এবং চৈ-কে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ-কে অনেক শুভেচ্ছা । প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমায় স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছে।’

নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী , নয়নতারা, রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোকদার, খেলার জগতের নক্ষত্র পিভি সিন্ধু এবং আরও অনেকে।

উল্লেখ্য, এর আগে চলতি বছর আগস্ট মাসে বাগদান সেরেছিলেন নাগা ও শোভিতা।

এফএটি/এমআই/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন