আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার টিমে মডেলিং হিসেবে যুক্ত হওয়া ইতি নামের এক তরুণিই তার পাত্রী। ইতোমধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। সামনে যেকোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
রোববার (২৫ মে) রাতে সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এ কথা স্বীকার করেছেন।
হিরো আলম জানান, দুজনে একসঙ্গে কাজ করতে গিয়ে ইতির সঙ্গে তার পরিচয় হয়। কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালোলাগা শুরু হয় এবং এ সম্পর্ক থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।
তিনি বলেন, মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে । আমি তাকে বিয়ে করতে চাই। সেও আমাকে বিয়ে করতে চায়। খুব শিগগিরই আমরা বিয়ে করে ফেলব।
মেয়েটির বাড়ি গাজীপুর। কিন্তু ইতির বাপের নাম এখনও জানতে পারেননি হিরো আলম।
উল্লেখ্য, সম্প্রতি বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম। এর আগে, ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে।
২০১৯ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন হিরো আলম। পরে ৭ মার্চ দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমিকে মারধরের অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার (হিরো আলম) শ্বশুর সাইফুল ইসলাম।
ওই বছরের ১৯ এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম। ১০ হাজার টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

