Logo

বিনোদন

বিএনপির একটি অংশ দাম্ভিকতার ফাঁদে আটকে আছে : আসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৩২

অ
বিএনপির একটি অংশ দাম্ভিকতার ফাঁদে আটকে আছে : আসিফ

বিএনপির ঐতিহাসিক সিদ্ধান্ত ও রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি পরামর্শমূলক ফেসবুক পোস্ট আলোচনায় এসেছে। 

সোমবার (২৬ মে) নিজের ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ১৯৮৬ সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে অবস্থান নিয়েছিল, সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। সেই সময় সর্বদলীয় ঐক্যজোট ঘোষণা দিয়েছিল, কেউ নির্বাচনে গেলে জাতীয় বেইমান হিসেবে গণ্য হবে।

আসিফ লেখেন, দীর্ঘ সংগ্রামের পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি জোট। অথচ ওই নির্বাচনের আগে শেখ হাসিনা দাম্ভিকভাবে বলেছিলেন—বিএনপি ১০টি আসনও পাবে না।

মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপির অভ্যন্তরীণ সংকট এবং সেই কঠিন সময়ে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কথা স্মরণ করে তিনি লেখেন, সাধারণ একজন গৃহবধূ থেকে দেশের আপোষহীন দেশনেত্রী হয়ে উঠেন তিনি। তার মাঝে কখনো দাম্ভিকতা দেখিনি, বরং দেখেছি আত্মবিশ্বাস।

বর্তমান প্রেক্ষাপটে বিএনপির একটি অংশকে তিনি ‘দাম্ভিকতার ফাঁদে আটকে থাকা’ উল্লেখ করে বলেন, ৩৫ বছরের নিচে থাকা চার কোটি তরুণ ভোটারের মন বুঝতে ব্যর্থ হচ্ছে তারা। চলছে শুধু শোডাউন কালচার।

আসিফ বিএনপিকে সাবধান করে দিয়ে বলেন, ৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে বুঝতে হবে—দাবার ঘুঁটি বদলে যেতে পারে। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদে ক্ষতি করে।

পোস্টের শেষাংশে আসিফ আকবর লেখেন, বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হোক। ভালোবাসা অবিরাম…।

রাজনীতিমনস্ক জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন