Logo

বিনোদন

‘দুবাই প্রবাসী’ হয়ে ৩ বছর পর নাটকে ফিরছেন নীরু

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:৪৩

অ
‘দুবাই প্রবাসী’ হয়ে ৩ বছর পর নাটকে ফিরছেন নীরু

তিন বছরের বিরতির পর আবারও টিভি নাটকে ফিরেছেন অভিনেতা নিরঞ্জন নীরু। ‘দুবাই প্রবাসী’ নামের একটি একক নাটকে তিনি এবার হাজির হয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। শেখ সেলিমের পরিচালনায় নির্মিত নাটকটি দৃশ্যধারণ হয়েছে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ বাপ্পিসহ আরও অনেকে। নাটকটি আসছে ঈদের দিন প্রচার হবে ‘Digimax Tv’ ইউটিউব চ্যানেলে।

নিরঞ্জনের অভিনয়ের শুরু ২০০৮ সালে মঞ্চ নাটকের মাধ্যমে। স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। ঢাকায় এসে থিয়েটারের পাশাপাশি দেশের স্বনামধন্য পরিচালকদের পরিচালনায় অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন নিরঞ্জন। তবে, গত তিন বছর নাটকে তাকে দেখা যায়নি।

এ বিষয়ে নিরঞ্জন বলেন, ‘নাটকে মূলত পার্শ্বচরিত্রে অভিনয় করতে গিয়ে মন খারাপ হতো। মনে হতো, আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা উচিত। তাই সেই কাজ বন্ধ করে দিই। সেই সময়টায় বিজ্ঞাপন আর ওভিসি-তে কাজ শুরু করি। এখানে অডিশনের মাধ্যমে গল্পনির্ভর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।’

নিরঞ্জন ইতোমধ্যে গ্রামীণফোন, বিকাশ, কোমল পানীয় ‘মোজো’ এবং অপ্পো মোবাইলের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। নিজের অভিনয়ের জায়গা নিয়ে সন্তুষ্ট তিনি।

‘দুবাই প্রবাসী’ নাটক প্রসঙ্গে নিরঞ্জন বলেন, এই নাটকের চরিত্রটা আমার অভিনয়জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হয়ে থাকবে। অনেক দিন পর ভালো একটি স্ক্রিপ্টে কেন্দ্রীয় চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি দর্শক নাটকটি উপভোগ করবেন।

ঈদের বিনোদনে ভিন্ন স্বাদ আনতে প্রস্তুত নিরঞ্জন নীরুর ‘দুবাই প্রবাসী’। 

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন