গ্লাসগোতে স্পাইডারম্যানের শুটিং, ভক্তরা দেখা পেল টম হল্যান্ডের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:৩৮
গ্লাসগোতে স্পাইডারম্যানের শুটিং
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে মার্ভেলের ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ব্র্যান্ড নিউ ডে’র শুটিং। সেই সূত্রে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করা জনপ্রিয় হলিউড তারকা টম হল্যান্ড হাজির হয়েছেন গ্লাসগোতে। শুটিংয়ের ফাঁকে ভক্তদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।
১ আগস্ট (শুক্রবার) থেকে গ্লাসগো শহরের বিভিন্ন স্থানে চলছে চিত্রধারণের কাজ। গত মাসেই খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্যা ওডিসি’ সিনেমার শুটিংয়ে স্কটল্যান্ডেরই আরো দুই শহর ইনভারনেস ও মোরের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল টম হল্যান্ডকে।
রোববার টম হল্যান্ডকে স্পাইডারম্যানের পোশাকে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা যায়। পরে তিনি শতাধিক দর্শকের সঙ্গে কথা বলেন।
নতুন স্পাইডারম্যান সিনেমার জন্য গ্লাসগো’র শহরকেন্দ্রের বেশ কিছু অংশকে একটি আমেরিকান শহরের আদলে সাজানো হয়েছে। শুটিংয়ের জন্য শহরের ওই অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে শহরজুড়ে যানজট ও চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আগাম সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’ এর পর ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা, যা মুক্তি পাবে ২০২৬ এর জুলাই মাসে।
এইচআর/এসএসকে

