Logo

বিনোদন

মৌ’র সঙ্গে দাম্পত্য কলহের গুঞ্জন, যা বললেন জাহিদ হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:১১

মৌ’র সঙ্গে দাম্পত্য কলহের গুঞ্জন, যা বললেন জাহিদ হাসান
দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও মৌ। ভালোবেসে বিয়ে করেন দুজন। তাদের বলা হয়ে থাকে শোবিজের আদর্শ দম্পতি। ২৮ বছর ধরে সুখে-দুঃখে একসঙ্গেই আছেন। কিন্তু হঠাৎ করে সেই জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দম্পতির দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে! শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানে কিংবা সামাজিক পরিসরে দুজনকে একসঙ্গে দেখা যায় না বলেও গুঞ্জন আরও ঘণীভূত হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে সব গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান। জানালেন, তারা ভালো আছেন। সুখেই আছেন।

জাহিদ বলেন, ‘কিছু লোক তো থাকেই, এমনটা ভাববার জন্য। কিছু একটা বের করা লাগবে, এজন্য এসব বলে বেড়ায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।’
একসঙ্গে কোথাও না যাওয়ার বিষয়ে জাহিদ হাসানের ব্যাখ্যা, ‘মানুষ যা বলে, সেটা একদিক দিয়ে ঠিকই। আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের ব্যস্ততার কারণেই এমনটা হয়। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি আমি। কারণ সেদিন নাটকের শো ছিল বরিশালে। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’


এমনকি ব্যক্তিজীবনের কোনো ঘটনাও মৌয়ের কাছে আড়াল করেন না জাহিদ হাসান। তার সাবেক প্রেমিকার কথাও জানেন মৌ। এ নিয়ে মৌ তার সঙ্গে অনেক সময় মজাও করেন। জাহিদ হাসান বলেন, ‘আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। তারা ব্যাপারটি নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ মৌ বলল, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। দেখি, তার হাতে অনেকগুলো চিঠি।’

জাহিদ-মৌ দম্পতির রয়েছে দুই সন্তান। মেয়ে জোহায়রা জাহিদ পুষ্পিতা বড় এবং ছেলে জারিফ জাহিদ সাইম ছোট। দুজনেই পড়াশোনা করছেন।

জাহিদ হাসানকে সর্বশেষ দেখা গেছে ‘উৎসব’ সিনেমায়। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ দিয়ে বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জাহিদ হাসান। নব্বয়েই দশকের জনপ্রিয় এই অভিনেতা ‘উৎসব’ ছবিতে জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধতায় ভাসাচ্ছেন। সিনেমা হলে সাফল্যের পর ওটিটিতেও তুমুল সাড়া ফেলেছে উৎসব।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন