Logo

বিনোদন

বিজয় দিবসে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

অ
বিজয় দিবসে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমকালো কনসার্ট, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। 

এই কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন, যা মূলত বিএনপির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে। বিজয় দিবস উপলক্ষ্যে দেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে উদযাপন করার লক্ষ্যে এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে।

কনসার্টে জেমস ছাড়াও পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক, সোলস, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। এছাড়াও অংশ নেবেন খ্যাতিমান শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, দিলশাদ নাহার কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক সংবাদ সম্মেলনে জানান, এই কনসার্টের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও গানের ঐতিহ্যকে তুলে ধরা হবে।

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে পারফর্ম করবেন। এ মাসেই আরও বেশ কয়েকটি কনসার্টে তিনি অংশ নেবেন। বিজয় দিবসের কনসার্টে তিনি শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন।’

এবারের বিজয় দিবসের এই কনসার্টে জেমসের উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে, যারা তার অনবদ্য পরিবেশনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এফএটি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন