সৌদি আরবের জনপ্রিয় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন তিউনিসিয়ার নির্মাতা লতফি আচার। তাঁর নির্মিত ‘রেড পাথ’ ছবিটি ১৫টি প্রতিযোগী ছবির মধ্যে সেরা নির্বাচিত হয়। উৎসবের প্রতিযোগী বিভাগে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং প্রথমবারের মতো এশিয়া থেকে ছবিগুলো মনোনীত হয়েছিল।
‘রেড পাথ’ সিনেমাটি মর্মান্তিক ট্র্যাজেডির গল্পে নির্মিত। ছবিতে দেখা যায়, উত্তর তিউনিসিয়ার দরিদ্র অঞ্চলের এক তরুণ খামারি সন্ত্রাসীদের হাতে তার কিশোর চাচাতো ভাই নিজারের নির্মম হত্যার সাক্ষী হয়। চরম শোক ও ধাক্কা সামলে ওই তরুণের কাছে একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তার ভাইয়ের মরদেহটি পরিবারের কাছে ফিরিয়ে আনা। তবে এ পথে বাধা হয়ে দাঁড়ায় সন্ত্রাসীদের হুমকি ও পুলিশের উদাসীনতা।
উৎসবের মূল ফিচার ফিল্ম প্রতিযোগিতার জুরি বোর্ডের সভাপতি ছিলেন বিখ্যাত মার্কিন পরিচালক স্পাইক লি। জুরি বোর্ডে আরও ছিলেন, মিশরীয় পরিচালক আবু বাকর শওকি, যুক্তরাজ্যের অভিনেত্রী মিনি ড্রাইভার, তুর্কি অভিনেত্রী তুবার বয়ুকস্তুন ও মার্কিন অভিনেতা-প্রযোজক ড্যানিয়েল ডে কিম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে জেদ্দায়। এ সময় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘বিনোদন মানুষের মধ্যে সংহতি তৈরি করার এক অসাধারণ শক্তি। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বজুড়ে গল্প বলার বৈচিত্র্যকে তুলে ধরার যে প্রতিশ্রুতি নিয়েছে, তার জন্য আমি তাদের প্রশংসা করি।’
উৎসবের চতুর্থ সংস্করণে অংশগ্রহণ করেন সিনথিয়া এরিভো, মিশেল ইয়ো, বেঞ্জামিন কুম্বারব্যাচ, মাইকেল ডগলাস, ক্যাথরিন জেটা-জোনস, এমিলি ব্লান্ট, নিক জোনাস, ইভা লংগোরিয়াসহ অনেক তারকা।
এফএটি/এমজে

