Logo

বিনোদন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন অনন্ত জলিলও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:০০

কিছুদিন আগেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন। এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন তার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জানান, চলমান প্রকল্পগুলো শেষ করেই তিনি হয়তো চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানাবেন। তার ভাষায়, ‘আমার দুই ছেলে এখন ইসলামি শিক্ষার দিকে মনোযোগী। একজন হাফেজ হওয়ার পথে, আরেকজন ইতোমধ্যেই একাধিকবার কুরআন খতম দিয়েছে। এমন পরিস্থিতিতে বাবা-মায়ের সিনেমায় থাকা বিষয়টি ওদের কাছে ভালোভাবে প্রতিফলিত হবে না।’

এই তারকা দম্পতির অভিনীত সর্বশেষ ছবি ‘নেত্রী: দ্য লিডার’– এর শুটিং প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। অনন্ত জানিয়েছেন, এই সিনেমাটি শেষ করেই হয়তো তিনি অভিনয় থেকে সরে দাঁড়াবেন।

বর্ষার অভিনয় ছেড়ে দেওয়ার কারণ নিয়েও কথা বলেন অনন্ত। তিনি বলেন, ‘বর্ষা যখন প্রথম সন্তানসম্ভবা হয়, তখনই আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছিলাম— আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করব। আমরা চাই ওরা ভালো মুফতি হোক, ভালো মানুষ হোক। এখন যদি মা সিনেমা করে আর সন্তান ইসলামি শিক্ষায় থাকে— সেটা আমাদের কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয় না।’

অনন্ত জলিল আরও যোগ করেন, ‘আমরা চাই সন্তানদের জন্য আদর্শ হই। তাই বর্ষা যেমন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, আমিও হাতে থাকা কাজগুলো শেষ করে একই সিদ্ধান্ত নিতে চাই।’

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ প্রশংসা করছেন তাদের সিদ্ধান্তের, কেউ আবার বলছেন— ঢালিউড একসঙ্গে হারাতে যাচ্ছে দুইজন বাণিজ্যিকভাবে সফল তারকা।

ডিআর/এসএসকে/ওকেআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন