Logo

বিনোদন

চলেই গেলেন ওস্তাদ জাকির হোসেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২২

অ
চলেই গেলেন ওস্তাদ জাকির হোসেন

ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। সোমবার (১৬ ডিসেম্বর) ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে তিনি মারা যান।

তার পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।  

এনডিটিভির খবরে বলা হয়, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত জটিলতার কারণে তার মৃত্যু হয়। তিনি গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশ হয়।টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরও বেশকিছু ভারতীয় গণমাধ্যম খবরটি প্রচার করে। 

পরে আমির আউলিয়া নামের একজন এক্সে এক পোস্টে বলেন, তিনি জাকির হোসেনের ভাতিজা। জাকির হোসেন মারা যাননি। চাচার শারীরিক সুস্থতার জন্য তাঁরা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।

সোমবার ওস্তাদ জাকির হোসেন মারা যাওয়ার বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

ওস্তাদ জাকির হোসেন তার প্রজন্মের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক হিসেবে বিবেচিত। একটি অসাধারণ কর্মজীবন রেখে গেছেন তিনি। তিনি কিংবদন্তি তবলা মাস্টার ওস্তাদ আল্লা রাখা’র পুত্র। জাকির সংগীত জগতে অমূল্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে সংগীত জগতে শোক নেমে এসেছে।

ওস্তাদ জাকির হোসেনের ছয় দশকের দীর্ঘ সংগীত যাত্রায় রবিশঙ্কর, আলী আকবর খান, শিবকুমার শর্মাসহ ভারতের আইকনিক সংগীতশিল্পীদের সাথে কাজ করেছেন। পাশ্চাত্য সংগীতেও তার কাজ ছিল প্রশংসনীয়। ইয়ো-ইয়ো মা, বেলা ফ্লেক, মিকি হার্ট, এবং জর্জ হ্যারিসনের সাথে তার যুগান্তকারী কাজ ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেয়।

জাকির হোসেন তার কর্মজীবনে চারটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ ও ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। তার মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে সংগীতশিল্পী ও ভক্তরা শোকপ্রকাশ করছেন।

তার মৃত্যুতে রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে ছাড়া সংগীতের জগতে শূন্যতা নেমে আসবে। তার পরিবার, বন্ধুবান্ধব ও বিশ্বজুড়ে তার ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। আমার প্রার্থনা, ওম শান্তি।’

এফএটি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন