বিজয় দিবসে লন্ডনে চিরকুটের সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪
ছবিঃ সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষ্যে লন্ডনে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। সোমবার (১৬ ডিসেম্বর) লন্ডনের রমফোর্ড এর মে ফেয়ার ভেন্যুতে বিকেল সাড়ে চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বিশেষ কনসার্ট।
কনসার্টে ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’ ও ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি উপভোগ করবেন লন্ডনের প্রবাসী বাঙালিরা। চিরকুটের এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতশিল্পীদের সাথে বিশেষ কোলাবোরেশনও থাকছে, যা ব্যান্ডটির জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
এর আগে অনুষ্ঠানের আয়োজক নেক্সটষ্টেজ ইভেন্ট’র কর্ণধার আবদুল্লাহ মাহমুদ কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কনসার্টটি বাংলাদেশি সহ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। টিকিট বিহীনই সকলে উপভোগ করতে পারবে এ আয়োজন।
কনসার্ট শেষ করেই দেশে ফিরে আসবে চিরকুট, এবং ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্টে গাইবে তারা। ওই কনসার্টের আয় থেকে প্রাপ্ত অর্থ জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের কাজে ব্যয় করা হবে।
‘লাভ বাংলাদেশ’ কনসার্টটি বিজয় দিবস উদ্যাপনের এক বিশেষ অধ্যায় হিসেবে যুক্ত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের জন্য।
এফএটি

