দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হতে চলেছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। শনিবার (২০ সেপ্টেম্বর) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
এই ঘোষণার পর থেকেই ভারতীয় চলচ্চিত্র জগতে আনন্দের বন্যা বইছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা তাকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘শ্রী মোহনলালজি প্রতিভা এবং বহুমুখীতার প্রতীক। কয়েক দশক ধরে বিস্তৃত তার কাজের মাধ্যমে তিনি মালয়ালম সিনেমার একজন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়েছেন। তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করার জন্য অভিনন্দন।’
কিংবদন্তি এই অভিনেতা তার প্রতিক্রিয়ায় বিনয় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই বিনীত বোধ করছি। এই সম্মান শুধু আমার একার নয়; এই যাত্রায় যারা আমার পাশে হেঁটেছেন, এই পুরস্কার তাদের সকলের। আমার পরিবার, দর্শক, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও উৎসাহই আমার সবচেয়ে বড় শক্তি।’
মোহনলালের পুরো নাম মোহনলাল বিশ্বনাথন। ভক্তদের কাছে তিনি ‘লালেত্তান’ নামে পরিচিত। ১৯৭৮ সালে 'থিরানোত্তম' সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'মঞ্জিল ভিরিঞ্জা পুক্কাল' (১৯৮০), যেখানে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। গত চার দশকে তিনি মালয়ালম, হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০১ সালে ‘পদ্মশ্রী’ এবং ২০১৯ সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে সম্মানিত করে। এবার তার মুকুটে যুক্ত হলো ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানিত পালক।
জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিংবদন্তি এই অভিনেতার হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেবেন। মোহনলাল হলেন চলচ্চিত্র নির্মাতা আদুর গোপালকৃষ্ণানের পর দ্বিতীয় মালয়ালম চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি এই সম্মাননা পেলেন।

