প্রথমবারের মতো ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে মঞ্চে নাচবেন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে মহাসাড়ম্ভরে আয়োজন করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম বড় দুর্গোৎসবের। সেই উৎসবেই এক মঞ্চে পারফর্ম করবেন দুই বাংলার দুই তারকা।
নিউইয়র্ক থেকে জায়েদ খান বাংলাদেশের খবরকে বলেন, ‘প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক থাকছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।’
তিনি আরও জানান, খবরটি শোনার পর থেকে দেশ-বিদেশের অনেকেই তাকে ফোন করছেন। অনেকে প্রিয় গানগুলোতে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানিয়েছেন। তবে সুযোগ পেলে তিনি ‘সাগরিকা’ গানটির সঙ্গে নাচতে চান।

উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, আগামী ৪ অক্টোবর মঞ্চে উঠবেন ঋতুপর্ণা ও জায়েদ খান।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবারের মতো টাইমস স্কয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় এবারও মহাসাড়ম্ভরে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

