Logo

বিনোদন

নতুন কুঁড়ির অডিশন শুরু আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭

নতুন কুঁড়ির অডিশন শুরু আজ

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-র অডিশন (প্রাথমিক বাছাই) আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আঞ্চলিক পর্যায়ে এই বাছাই চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি অঞ্চলে ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিটিভির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১১ অক্টোবর। আঞ্চলিক ও বিভাগীয় উভয় পর্যায়ের অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। আবেদনকারীদের অডিশনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আঞ্চলিক বাছাইয়ে উত্তীর্ণরা বিভাগীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর নির্বাচিতরা বিটিভি ঢাকা কেন্দ্রের মূল পর্বে অংশ নেবেন। এ-সংক্রান্ত তথ্য টেলিভিশনের স্ক্রল ও বিটিভির ওয়েবসাইটে জানানো হবে।

‘নতুন কুঁড়ি’-তে প্রতিযোগিতা হবে অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত— এই ৯টি বিষয়ে। বয়সভেদে দুটি শাখা থাকবে— ‘ক’ শাখা (৬-১১ বছর) ও ‘খ’ শাখা (১১-১৫ বছর)।

কোন অঞ্চলে কবে অডিশন

দেশের ৬৪ জেলা ভাগ করা হয়েছে ১৯টি অঞ্চলে। এর মধ্যে ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ) ও ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী) অঞ্চলের অডিশন হবে বিটিভি ঢাকা কেন্দ্রে। ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর) অঞ্চলের অডিশন হবে ফরিদপুর শিশু একাডেমিতে।

ময়মনসিংহ বিভাগের দুটি অঞ্চলের (ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-২) অডিশন হবে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে। সিলেট বিভাগের অডিশন হবে সিলেট শিল্পকলা একাডেমিতে।

রংপুর বিভাগের রংপুর-১ অঞ্চলের অডিশন হবে রংপুর শিল্পকলা একাডেমিতে, রংপুর-২ অঞ্চলের অডিশন দিনাজপুর শিল্পকলা একাডেমিতে। রাজশাহী বিভাগের রাজশাহী-১ অঞ্চলের বাছাই হবে রাজশাহী শিল্পকলা একাডেমিতে, আর রাজশাহী-২ অঞ্চলের হবে বগুড়া শিল্পকলা একাডেমিতে।

খুলনা বিভাগের খুলনা-১ অঞ্চলের অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে, খুলনা-২ অঞ্চলের যশোর শিল্পকলা একাডেমিতে, খুলনা-৩ অঞ্চলের কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বরিশাল বিভাগের বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর) ও বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা) অঞ্চলের অডিশন হবে বরিশাল শিল্পকলা একাডেমিতে পৃথক বুথে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম-১ অঞ্চলের অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে, চট্টগ্রাম-২ অঞ্চলের রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অডিটোরিয়ামে, চট্টগ্রাম-৩ অঞ্চলের কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউটে এবং চট্টগ্রাম-৪ অঞ্চলের নোয়াখালী শিল্পকলা একাডেমিতে হবে।

বিভাগীয় অডিশন কোথায়

ঢাকা বিভাগীয় অডিশন হবে বিটিভি ঢাকা কেন্দ্রে, ময়মনসিংহ বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে, সিলেট বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমিতে, রংপুর বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমিতে, রাজশাহী বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমিতে, খুলনা বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে, বরিশাল বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমিতে এবং চট্টগ্রাম বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন