Logo

বিনোদন

জামান রাকিবের ‘মন যে একটা বাড়ি’ গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩০

জামান রাকিবের ‘মন যে একটা বাড়ি’ গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী

পঞ্চগড়ের গীতিকার আর জামান রাকিবের লেখা ‘মন যে একটা বাড়ি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। রেকর্ডিং হয়েছে রাজধানীর বাংলা ঢোল স্টুডিওতে।

আর জামান রাকিবের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তিনি ২০০৬ সালে তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৮ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি গান লেখা শুরু করেন। বর্তমানে তিনি ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত।

২০১৩-১৪ সালের দিকে রাকিবের লেখা প্রথম গান প্রকাশিত হয় আরিফ হোসাইন ও অনু মুস্তাফিজ ফিচারিং করা ‘দিমাত্রিক’ অ্যালবামে। জি-সিরিজ থেকে প্রকাশিত ওই অ্যালবামে তার লেখা ‘প্রেমের চোরাবালি’ গানটি বেশ পরিচিতি পায়।

এরপর ২০১৫ সালে ‘বন্ধন’ নামের আরেকটি অ্যালবামে তার লেখা ‘তোরই অপেক্ষা’ প্রকাশিত হয়, যাতে কণ্ঠও দেন রাকিব। পরে তৌফিক ইমামের ‘মনের কিছু কথা’ অ্যালবামে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করেন তিনি। জি-সিরিজ (অগ্নিবীণা) থেকে প্রকাশিত ওই অ্যালবামে দুটি গানের কথা ও সুর দেন রাকিব। সংগীতায়োজন করেন কিবোর্ড বাদক জাহিদ বাশার পঙ্কজ।

রাকিবের লেখা গানে কণ্ঠ দিয়েছেন সাম্প্রতিক সময়ে আলোচিত শিল্পী শিল্পী বিশ্বাসও। তার নতুন একটি প্রজেক্টে রাকিব লিখেছেন একটি গান, যার সুর করেছেন নাজির মাহমুদ। গানটি শিল্পী বিশ্বাস মিউজিক চ্যানেল থেকে প্রকাশিত হতে পারে। এ পর্যন্ত রাকিবের লেখা ১০টির বেশি গান প্রকাশিত হয়েছে। কাজ করেছেন অনেক গুণী সংগীতশিল্পীর সঙ্গে।

অন্যদিকে, খ্যাতিমান কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন পর তিনি রাকিবের লেখা গানে কণ্ঠ দিলেন। নিয়মিতভাবে দেশ-বিদেশে স্টেজ শোতে গান করেন তিনি। সিনেমার গানেও সক্রিয় আছেন এ শিল্পী।

নতুন গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘আমরা যেসব গান গাই, একেকটির কথা ও সুর আলাদা হয়ে থাকে। ‘মন যে একটা বাড়ি’ গানটির কথা ও সুর অসাধারণ। খুবই মেলোডিয়াস। গেয়ে তৃপ্তি পেয়েছি। অনেক দিন পর সুন্দর একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন