ভারতীয় সিনেমা ‘লাপতা লেডিজ’ অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়নি। এ বছর একাডেমি পুরস্কারের সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এই সিনেমাকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কিরণ রাওয়ের ছবি চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একাডেমি কর্তৃপক্ষ ১০টি বিভাগের মনোনীত ছবির তালিকা প্রকাশ করে, যেখানে সেরা বিদেশি ভাষার ছবির ১৫টি মনোনয়ন ঘোষণা করা হয়। যে তালিকায় ‘লাপতা লেডিজ’ নামটি অনুপস্থিত।
গত বছরের সেপ্টেম্বরে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’ ঘোষণা করে, ৯৭তম একাডেমি পুরস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত এই ছবি। ছবিটি মুক্তি পাওয়ার পর সমালোচক মহলে প্রশংসা কুড়ায় এবং নারী ক্ষমতায়নের প্রেক্ষাপটে তৈরি চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। বিশ্ববাজারের জন্য নাম পরিবর্তন করেও ছবিটি অস্কারের মঞ্চে স্থান করে নিতে ব্যর্থ হয়।
‘লাপতা লেডিজ’-এর অস্কারের স্বপ্ন পূরণ না হলেও, হিন্দি ছবি ‘সন্তোষ’ চমক দেখিয়েছে। সন্ধ্যা সুরি পরিচালিত এই ছবিটি ব্রিটেনের প্রতিনিধিত্ব করছে এবং ৯৭তম অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগের মনোনয়ন পেয়েছে।
সাহানা গোস্বামী অভিনীত এই ছবির প্রেক্ষাপট এক বিধবা মহিলার পুলিশে যোগদানকে কেন্দ্র করে। এছাড়াও ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ছবি ‘অনুজা’।
অস্কারে ভারতের তরফ থেকে ‘লাপতা লেডিজ’ মনোনীত হলেও, কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী পায়েল কপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ ছবিটি বাদ পড়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও পায়েল নিজেই কিরণের ছবিকে অস্কারের জন্য উপযুক্ত দাবিদার বলেছিলেন।তার পরেও অস্কারের মনোনয়ন তালিকায় স্থান পেতে ব্যর্থ হওয়ায় ভারতের অস্কার জয়ের স্বপ্ন আবারও অধরা রয়ে গেল।
এফএটি

