Logo

বিনোদন

কোথায় দেখবেন মেহজাবীনের প্রথম সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

কোথায় দেখবেন মেহজাবীনের প্রথম সিনেমা

অবশেষে দেশে মুক্তি পেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’। আন্তর্জাতিক অঙ্গনে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার বড়পর্দায় দেখা যাবে এই ছবিটি। আজ (২৬ সেপ্টেম্বর) থেকে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে এর প্রদর্শনী।

গল্পে দেখা যাবে— নিখোঁজ বাবা, হুইলচেয়ারে বন্দী মা এবং নানা সীমাবদ্ধতার ভেতরে বেড়ে ওঠা এক তরুণীর জীবনসংগ্রাম। সেই তরুণী সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি পরিচালনা করেছেন নবাগত নির্মাতা মাকসুদ হোসাইন।

প্রথম সপ্তাহে ‘সাবা’ মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, এবং মাগুরার মম ইন মুভি থিয়েটারে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকের সাড়া ভালো থাকলে প্রদর্শনীর হল আরও বাড়ানো হবে।

মেহজাবীন বিশ্বাস করেন, ‘এটা শুধু মা–মেয়ের গল্প নয়। দুর্ঘটনার পর তাদের জীবনের টানাপোড়েন, ভালোবাসা, দায়িত্ব আর হারানোর ভয় দর্শকদের ভেতরে আলাদা আবেগ সৃষ্টি করবে।’

পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, গল্পটি এসেছে তার স্ত্রী ত্রিলোরা খানের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাকে নিয়ে তার সংগ্রামই পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।

ছবিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, যিনি অঙ্কুর নামে এক চরিত্রে সাবার জীবনে নতুন মোড় আনেন।

উল্লেখ্য, গত বছর কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ আসরে। দেশের দর্শক এখন হলে গিয়ে উপভোগ করতে পারবেন মেহজাবীনের বড়পর্দায় প্রথম যাত্রা ‘সাবা’।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন