বিজয়ের সমাবেশে নিহতরা কত টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর কারুর জেলায় আয়োজিত এই জনসভায় পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন নারী ও ৬ শিশু। আহত হয়েছেন অন্তত ৪০ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। তিনি বলেছেন, ‘এটি নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। আপনজন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। তবুও পরিবারের একজন সদস্য হিসেবে আমি নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
বিজয় আরও জানান, এই অর্থ কোনোভাবেই ক্ষতির সমান নয়, তবে মানবিক দায়িত্ববোধ থেকে তিনি এই সহায়তা করছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বিজয় লিখেছিলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
প্রত্যক্ষদর্শীদের মতে, বিজয়ের বক্তৃতা শোনার সময় তাকে ছুঁয়ে দেখার জন্য ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আশা করা থেকেও বেশি মানুষ জমায়েত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই জনমনে আলোচনার জন্ম দিয়েছে।

