সৃজিত কি এখনো আপনার স্বামী? জবাবে যা বললেন মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, তিনি নাকি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি দুর্গাপূজার উৎসবের মাঝে সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর গুঞ্জনটা আরও জোরালো হয়। এর আগে ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
এমন সময় মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নন— আপনি কী বলবেন?’ জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’
পরবর্তী প্রশ্ন ছিল, ‘উনি কি এখনো আপনার স্বামী?’ কিছুটা থেমে মিথিলা উত্তর দেন, ‘হ্যাঁ।’ সঞ্চালক জানতে চান, পাসপোর্টে সৃজিতের নাম এখনো স্বামী হিসেবে আছে কি না— উত্তরে মিথিলা মাথা নেড়ে সম্মতি জানান।
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ে হয়। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেছিলেন মিথিলা। তবে প্রায় দুই বছর ধরে তিনি মেয়েকে নিয়ে ঢাকায় আছেন। এ সময় আইরা ঢাকার স্কুলেই পড়াশোনা করছে। মিথিলাকে জিজ্ঞেস করা হয়, কেন তিনি ২০২৪ সালের জুলাইয়ের পর আর কলকাতা যাননি? উত্তরে অভিনেত্রী জানান, ‘ভিসা নাই।’
সম্পর্কে দূরত্বের নানা জল্পনা থাকলেও সৃজিত-মিথিলার পরস্পরকে সমর্থন করার নজিরও আছে। এ বছরের আগস্টে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশনে পিএইচডি শেষ করেছেন মিথিলা। সেই অর্জনের পর সৃজিত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!’
সব মিলিয়ে, গুঞ্জন থাকলেও মিথিলা নিজেই জানালেন— সৃজিত এখনো তার স্বামী।
ডিআর/এসএসকে

