Logo

বিনোদন

জুবিনের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার ম্যানেজার ও আয়োজক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৬:০৬

জুবিনের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার ম্যানেজার ও আয়োজক

সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে অ্যাডভেঞ্চারের নেশায় স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় শুধু আসাম নয়, গোটা ভারতজুড়ে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ঘিরে শুরু হয় জটিলতা ও ধোঁয়াশা।

এই প্রেক্ষাপটে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করার নির্দেশ দেন। সেই তদন্তের অংশ হিসেবেই এবার বড় পদক্ষেপ নিল পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্যামকানু মহন্তকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিঙ্গাপুরে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে, সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।

দুজনকেই গুয়াহাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে এবং এসআইটির অধীনে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

এর আগে জুবিনের মৃত্যুকাণ্ডে তার দলের ড্রামার শেখর জ্যোতিকে আটক করেছিল পুলিশ। সিঙ্গাপুরে ইয়ট ভ্রমণের সময় তিনি জুবিনের সঙ্গে ছিলেন। বর্তমানে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিন গার্গের। তবে অনুষ্ঠানের ফাঁকে তিনি স্কুবা ডাইভিং করতে যান। ডাইভিং চলাকালীন শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে উদ্ধার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

জুবিন গার্গের মৃত্যুতে শোকের আবহে ভক্তরা যখন হতবাক, তখন তার মৃত্যুকাণ্ড ঘিরে এই গ্রেপ্তার পরিস্থিতিকে নতুন মোড় এনে দিয়েছে।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন