বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:২৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বড় চমক এসেছে চট্টগ্রাম জেলা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র তুলে নেন মীর হেলাল উদ্দিন। ফলে সেখানে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গায়ক আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগে বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই সময়ের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। শুধু তামিমই নয়, আরও একাধিক প্রার্থী সরে দাঁড়িয়েছেন বিসিবি নির্বাচন থেকে। ক্যাটাগরি-২ থেকে তামিম ইকবাল ছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস ও সাব্বির আহমেদ রুবেল। ক্যাটাগরি-১ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মির হেলাল। আর ক্যাটাগরি-৩ থেকে সিরাজ উদ্দিন আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহার লিস্ট : তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস); রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র); মাসুদুজ্জামান (মোহামেডান); সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স); মির হেলাল (চট্টগাম জেলা); সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি); ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স); সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ); তৌহিদ তারেক (পাবনা); অসিফ রাব্বানী (শাইনপুকুর); সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩); ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং); ফাহিম সিনহা (সুর্যতরিণ); সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস); ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)
ডিআর/এসএসকে

