ইউটিউবের বিরুদ্ধে মানহানি মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৫:০৩
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে তারা ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে দাখিল করা আবেদনে এই তারকা দম্পতি গুগল ও সংশ্লিষ্ট অন্যদের কাছ থেকে ৪৫০,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, ডিপফেক ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।
অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগ, ইউটিউবে শত শত লিঙ্ক ও স্ক্রিনশটে তাদের নিয়ে ‘ভয়াবহ, যৌন উস্কানিমূলক ও সম্পূর্ণ কাল্পনিক’ বিষয়বস্তু প্রচার করা হচ্ছে। আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের ছবি ও কণ্ঠস্বর বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এর উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেছেন, ‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’, ‘ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন’- এসব ভিডিও সম্পূর্ণ মনগড়া হলেও ইউটিউবে ছড়ানো হচ্ছে, যা তাদের পরিবার ও ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন তারা।
তারকা দম্পতি যুক্তি দিয়েছেন, এই ধরনের ভিডিও কেবল তাদের সুনামকেই ক্ষুণ্ন করছে না, বরং এটি তাদের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন। আইনি লড়াইয়ের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কঠোর অবস্থান নিতে চাইছেন ঐশ্বরিয়া ও অভিষেক।
ডিআর/এসএসকে

