গোপন প্রেম প্রকাশ্যে এলো, ঘরোয়া আয়োজনে বাগদান সারলেন রাশমিকা–বিজয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৬:২১
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা এবার বাস্তবেও এক হলেন। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাদের বাগদান অনুষ্ঠান।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পুরো আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তাই অনুষ্ঠান শেষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। ভক্তরা অপেক্ষা করছেন অভিনেতা–অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার জন্য।
শুধু তাই নয়, শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এ জুটি। যদিও বিয়ের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি।
বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। প্রকাশ্যে তারা কিছু না বললেও, একসঙ্গে ঘুরতে যাওয়া কিংবা ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার কারণে গুঞ্জন আরও বেড়ে যায়।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। পরে ‘ডিয়ার কমরেড’-এর মাধ্যমে তাদের রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যায় এবং সেই থেকেই শুরু হয় তাদের অফস্ক্রিন প্রেমের আলোচনাও।
ডিআর/এসএসকে

