গায়ক সুজন আহমেদ।
আবেগঘন একটি নতুন আনপ্লাগড গান প্রকাশ করলেন গায়ক সুজন আহমেদ। গানটির শিরোনাম ‘তোমার নিষ্ঠুর আচরণ’। হৃদয়ছোঁয়া গীত রচনা করেছেন সমকালীন গীতিকবি সাইফুল বারী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সজীব হোসেন। এটি প্রকাশিত হয়েছে ‘সুজন আহমেদ অফিসিয়াল’ লেবেল থেকে।
ভিডিওতে চিত্রায়ণ করেছেন এম এইচ রাজ, মেকআপ করেছেন মেহেদী, আর এডিট ও কালারিংয়ের কাজ করেছেন পরিচালক নিজেই। সরল ভিজ্যুয়াল ও আনপ্লাগড সুরের আবহ গানটিকে দিয়েছে বিশেষ আবেদন।
প্রকাশ উপলক্ষে শিল্পী সুজন আহমেদ বলেন, ‘গানটি তৈরি করার সময় আমরা এক ধরনের সহজ অথচ গভীর আবেগ ধরে রাখার চেষ্টা করেছি। শ্রোতারা গানের কথায় আর সুরে নিজেদের অনুভূতি খুঁজে পাবেন বলেই আশা করছি।’
গীতিকবি সাইফুল বারী বলেন, ‘কথাগুলো লেখার সময় ভেবেছি, ভালোবাসার গল্প যত সরলভাবে বলা যায়, তত বেশি হৃদয় ছুঁতে পারে। সুজন অসাধারণ কণ্ঠে সেটি ফুটিয়ে তুলেছেন, যা আমার জন্য বড় আনন্দের।’
- এনআর/এমআই

