ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয়গুনে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের মন। সরল আর মিষ্টি মেয়ে হিসেবে দর্শকদের কাছে ছিল তার বিশেষ পরিচিতি। কি নাটক, কি সিনেমায়- যেখানেই তার দেখা মেলেছে, অন্যরকম একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়েছেন তিনি।
বেশ কয়েক বছর ধরে রুনা খান নিজেকে খোলনলচে-সহ বদলে ফেলেছেন। হাজির হয়েছেন অনেকটাই বোল্ড চরিত্রে। এ যেন নিজেকেই ভিন্নরূপে হাজির করা। রুনা খানের এই বদলে যাওয়াকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এই বয়সেও নিজেকে আবেদনময়ীরূপে হাজির করাকে সময়ের দাবি বলেই হয়তো মনে করছেন তিনি।

তবে আলোর বিপরীতে রয়েছে অন্ধকারও। রুনা খানকেও মাঝে মাঝে সেই অন্ধকার স্পর্শ করে যায়। হতে হয় নেতিবাচক মন্তব্যের শিকার। সমালোচনা ঘিরে ধরে তাকে। তার এই বদলে যাওয়াকে অনেকেই ভালো চোখে নেয় না।
সম্প্রতি তার একটা ফটোশুটকে কেন্দ্র করে আবারও তিনি এসেছেন আলোচনায়। প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি শিকার হচ্ছেন নেতিবাচক সমালোচনারও।

সম্প্রতি ‘আমি ঢাকা’ নামের একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী ফটোশুট করেছেন রুনা খান। সেখানে তাকে ‘সূর্যদেবী’র মতো সাজানো হয়েছে। তার মাঝে যেন ঠিকরে পড়ছে স্বর্ণে সুশোভিত দীপ্তি। এতে মূর্ত হয়েছে আগুন, শক্তি ও জাগরণ। রুনা খানের ছবিগুলো তুলেছেন রনি রেজাউল। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যেরও শিকার হচ্ছেন তিনি।

এই বিষয়ে জানতে বাংলাদেশের খবর যোগাযোগ করেছিল রুনা খানের সঙ্গে। এই অভিনেত্রী বললেন, ‘আমি নেতিবাচক মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না। আমি একজন অভিনেতা, মডেল। নানা ধরনের কাজ আমাকে করতে হয়। কখনো প্রশংসিত হবো, কখনো সমালোচিত হবো এসব নিয়ে ভাবতে চাই না। আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘অনেকেই ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে। এটাকে অনেকেই রুটি রুজির পথ হিসেবে নিয়েছে। আমাকে দিয়ে কারও যদি রুটি-রুজির ব্যবস্থা হয়, তো হোক না। এসব নিয়ে মাথা ঘামাতে চাই না।’
এদিকে বহু বছর পর মুক্তি পেতে যাচ্ছে রুনা খান অভিনীত চলচ্চিত্র ‘ঊনাদিত্য’। সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘নিদ্রাসুর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও। সামনে জুলফিকার জাহেদীর একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।
এসএসকে/

