Logo

বিনোদন

হিমেল আশরাফের দায়িত্বজ্ঞানহীনতায় বন্ধ হয়েছিল নাটক : নরেশ ভুঁইয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:০৬

হিমেল আশরাফের দায়িত্বজ্ঞানহীনতায় বন্ধ হয়েছিল নাটক : নরেশ ভুঁইয়া

বাংলাদেশের ছোটপর্দার গুণী অভিনেতা নরেশ ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিময় এক স্ট্যাটাসে জানিয়েছেন নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও কিছু আক্ষেপের কথা।

নরেশ ভূঁইয়া লিখেছেন, বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাটির কোলে’ দিয়ে শুরু হয়েছিল তার নিয়মিত অভিনয়যাত্রা। আশির দশকের শুরুর দিকে প্রচারিত এই নাটকে কবরী ও তারিক আনাম খান ছিলেন প্রধান চরিত্রে, আর তিনি অভিনয় করেছিলেন ‘আন্দু’ চরিত্রে। দর্শকদের কাছে সেই চরিত্রের জনপ্রিয়তা এতটাই ছিল যে এখনো অনেকেই তাকে ‘আন্দুভাই’ নামেই চেনেন।

স্ট্যাটাসে অভিনেতা লিখেছেন, ‘সেই মাটির কোল– এরপর আমি অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছি, সত্যি, কিন্তু তেমনভাবে দর্শকের কাছে আগ্রহের কেন্দ্র হতে পারিনি। তবে বছর পাঁচেক আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘কাঁচের পুতুল’ নাটকে অভিনয় করে দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলাম।’

তিনি আরও জানান, অপূর্ব ও মম অভিনীত সেই জনপ্রিয় ধারাবাহিকটি প্রচার হতো এনটিভিতে। কিন্তু পরিচালকের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই প্রায় ৭০ পর্ব প্রচারের পর নাটকটি বন্ধ হয়ে যায়। নরেশ ভূঁইয়ার ভাষায়, ‘দর্শকরা এখনো আমাকে জিজ্ঞেস করেন, ‘কাঁচের পুতুল’-এর দ্বিতীয় সিজন কবে শুরু হবে!’

অভিনেতা জানান, তিনি শুনেছেন প্রযোজকেরা আবারও নাটকটি শুরু করার কথা ভাবছেন, এবং সেই আশাতেই আছেন তিনি।

স্ট্যাটাসের শেষ অংশে নরেশ ভূঁইয়া লিখেছেন, ‘অভিনয় জীবনে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ খুব একটা আসে না। ‘কাঁচের পুতুল’ নাটকে মমর সঙ্গে আমার রসায়নটা খুব ভালো হয়েছিল।’

দীর্ঘ অভিজ্ঞতার এই অভিনেতার কথায় স্পষ্ট — দর্শকপ্রিয়তা যেমন আসে কষ্টসাধ্য চরিত্রে, তেমনি একটি ভালো নাটকের ধারাবাহিকতা নির্ভর করে পরিচালকের দায়িত্ববোধের ওপর।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন